ইউপিডিএফ (প্রসীত) এর ঐক্যের ডাক বর্তমান সময়ে সর্বোচ্চ ধোঁকাবাজি
প্রিয় জুম্ম জনতা, ইউপিডিএফ (গণতান্ত্রিক) পার্টির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা জানেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের মধ্যদিয়ে বাংলাদেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, সেটাকে কেউ কেউ আরব বসন্তের আদলে বাংলা বসন্ত আখ্যা দিয়েছেন। কিন্তু এটা ঠিক, হাসিনা সরকার পতনের পর দেশের শাসন ব্যবস্থা আংশিক মেরুদন্ডহীন হয়ে পড়েছে। দেশের সদ্য শাসন ক্ষমতা প্রহণকারী অন্তর্বর্তীকালীন সরকারকে অরাজক পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। দেশের ভঙ্গুর এই পরিস্থিতির সুযোগ নিতে ইউপিডিএফ (প্রসীত) পাহাড়ে পার্বত্য বসন্ত আনার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। হঠাৎ করে পাহাড়ের তরুণ প্রজন্ম ছাত্র জনতাকে লেলিয়ে দিয়ে দেয়াল লিখন, প্রতিবাদী লেখা, সম্প্রতি দেশে ঘটে যাওয়া ঘটনাবলী অংকনের মাধ্যমে আন্দোলনে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এই উদ্দেশ্য দিবালোকের মতো পরিস্কার যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যাল এর শিক্ষার্থী আবু সাঈদকে হত্যা করার পর দেশের আপামর জনতা যেভাবে ফুঁসে উঠেছিল, ইউপিডিএফ (প্রসীত) একই কৌশল অবলম্বন করছে, পাহাড়ে যদি প্রশাসন কর্তৃক ছাত্র জনতার উপর মারমুখী আচরণ করে, তাহলে তারা এই ফায়দা লুঠবে শতভাগ। ...