পূর্ণস্বায়ত্তশাসনের স্বপ্ন ও রাজনৈতিক বাস্তবতা - ইনজেব চাঙমা
আমাকে কীভাবে সমালোচনা বা আলোচনা করবেন, সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে আমার কোনো আপত্তি কিংবা অনুশোচনা নেই। শুধু বলব, মানুষের ভাষা ও আচরণেই তার পরিচয় ফুটে ওঠে। ফেক আইডির আড়াল থেকেও মন্তব্যের ভাষা ও ধরন দেখে অনেক সময় মন্তব্যকারীর পরিচয় অনুমান করা যায়। যাহোক, এ প্রসঙ্গে আর কথা বাড়াতে চাই না। এবার আসি মূল আলোচনায়।
কেন আমি ইউপিডিএফের সমালোচনা করি?
একসময় আমার বিশ্বাস ছিল, অন্যান্য রাজনৈতিক বিষয়ে মতপার্থক্য থাকলেও মাতৃভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রশ্নে আমাদের অভিন্ন অবস্থান তৈরি হতে পারে। সেই বিশ্বাস থেকেই ২০১৪ সালের শেষ দিকে পূর্ণ উদ্যমে মাঠে নামি। কিন্তু বাস্তবতা ভিন্ন। লক্ষিছড়ি ও নান্যাচরে স্মরণীয় ঘটনা আমার রয়েছে। যা ওহাক সেটা বড় বিষয় নয়, আমার প্রত্যাশা ছিল, ইউপিডিএফ জাতির জন্য কার্যকর কিছু করবে এবং তাদের ঘোষিত পূর্ণস্বায়ত্তশাসনের দাবি বাস্তবায়নে সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু সময়ের পরিক্রমায় সেই বিশ্বাসে চিড় ধরেছে।
এ প্রসঙ্গে কেডি পাঠকের একটি গল্প মনে পড়ে। এক কৃষকের চারপাশে এক জমিদারের জমি ছিল। জমিদার কয়েকবার কৃষকের জমি কিনতে চাইলেও কৃষক রাজি হয়নি। অবশেষে জমিদার ষড়যন্ত্রের আশ্রয় নিল। একদিন প্রচার করা হলো, কৃষকের ধানখেতে রাক্ষসের আবির্ভাব ঘটেছে। বিষয়টি নিয়ে শালিস বসল এবং সিদ্ধান্ত হলো, রাক্ষস তাড়াতে ধানখেতে আগুন দিতে হবে। অথচ এই সিদ্ধান্তের আড়ালে ছিল জমিদারের স্বার্থ। ধানখেত পুড়ে কৃষক নিঃস্ব হলে একসময় বাধ্য হয়ে জমি বিক্রি করবে, এটাই ছিল তার মূল পরিকল্পনা।
গল্পটি মনে পড়ার কারণ, আমার কাছে ইউপিডিএফের ঘোষিত পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনের দীর্ঘদিনের গতিপ্রকৃতিও নানা প্রশ্নের জন্ম দেয়। প্রায় ২৮-২৯ বছর ধরে আন্দোলন চললেও সরকারকে কতটা কার্যকর রাজনৈতিক চাপে ফেলা সম্ভব হয়েছে? লক্ষ্য অর্জনে কূটনৈতিক উদ্যোগ, রাজনৈতিক দূরদর্শিতা ও বাস্তবসম্মত কৌশল কতটা গ্রহণ করা হয়েছে?
কেবল স্লোগান, মিছিল কিংবা অবরোধ দিয়ে কোনো জাতির অধিকার প্রতিষ্ঠা করা যায় না। প্রয়োজন সুস্পষ্ট রাজনৈতিক রূপরেখা, কার্যকর কূটনৈতিক তৎপরতা এবং দূরদর্শী নেতৃত্ব। এত দীর্ঘ সময়েও যদি আন্দোলনের লক্ষ্যে দৃশ্যমান অগ্রগতি না আসে, তাহলে তার কৌশল ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
আমার প্রশ্ন, পূর্ণস্বায়ত্তশাসন কি বাস্তবায়নযোগ্য রাজনৈতিক লক্ষ্য, নাকি প্রজন্মের পর প্রজন্মকে আশায় বেঁধে রাখার একটি স্লোগান? যদি এটি বাস্তব লক্ষ্য হয়, তাহলে অর্জনের কার্যকর পথ ও রাজনৈতিক পরিকল্পনা কোথায়?
আমি কোনো সংগঠনের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ থেকে সমালোচনা করি না। বরং জাতির অধিকার, ভবিষ্যৎ ও সম্ভাবনার প্রশ্নেই আমার এই অবস্থান। কারণ কোনো সংগঠনই জাতির চেয়ে বড় নয়, কোনো রাজনৈতিক স্লোগানও মানুষের অধিকারের ঊর্ধ্বে নয়।
আমার সমালোচনা সংগঠনের বিরুদ্ধে নয়, বরং জাতির স্বপ্ন ও প্রত্যাশার সঙ্গে রাজনৈতিক বাস্তবতার অসংগতির বিরুদ্ধে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন