জ্যোতিপ্রভা লারমা: পাহাড়ি জীবনের আলো ও সংগ্রামের দীপ্ত প্রদীপ - ইনজেব চাঙমা
পার্বত্য চট্টগ্রামের রূপ-মাধুর্যের আড়ালে যে দীর্ঘ ইতিহাস লুকিয়ে আছে, তা কেবল সবুজ পাহাড়, কুলকুল ধ্বনিতে বহমান নদী কিংবা কুয়াশাঘেরা অরণ্যের সৌন্দর্য নয়; সে ইতিহাস মানুষের অধিকারবোধ, আত্মপরিচয়ের অস্তিত্ব রক্ষা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও এক চিরন্তন সংগ্রামের ইতিহাস। ইতিহাস কোনো কেবল নিরপেক্ষ ঘটনাপঞ্জি নয়, তা গড়ে ওঠে কিছু আত্মনিবেদিত প্রাগ্রসর মানুষের যৌথ পদচিহ্নে। পার্বত্য চট্টগ্রামের সামাজিক ও সামাজিক-রাজনৈতিক রূপান্তরের সেই দীর্ঘ আলোকিত অধ্যায়ে একজন জ্যোতিপ্রভা লারমা কেবল একটি ব্যক্তিনাম নন; তিনি পার্বত্য জনপদের চেতনা, নারীজাগরণের পথিকৃৎ এবং প্রজ্ঞার এক দীপ্ত শিখা। ১৯৩৮ সালের জ্যৈষ্ঠ মাসের এক শান্ত থমথমে বৃহস্পতিবার। রাঙামাটি জেলা সদরের অদূরে সবুজে ঘেরা ছোট্ট গ্রাম ‘মহাপুরম’ (স্থানীয়দের প্রিয় ‘মাওরুম’)। সেই রূপময় গ্রামে শিক্ষক চিত্তকিশোর চাঙমা ও ধার্মিক সমাজসেবিকা সুভাষিনী দেওয়ানের ঘর আলো করে ভূমিষ্ঠ হন জ্যোতিপ্রভা লারমা। চার ভাই-বোনের মধ্য তিনি ছিলেন জ্যেষ্ঠ। পিতৃগৃহের পরিমণ্ডলটি ছিল মুক্তচিন্তা ও বিদ্যানুরাগের এক অপূর্ব তীর্থভূমি। পিতা চিত্তকিশোর চাকমার শিক্ষার প্র...