অবিনাশী চাঙমা জাতিসত্তা - ইনজেব চাঙমা
ইতিহাসের বাঁকে বাঁকে কিছু জাতি জন্ম নেয় কেবল টিকে থাকার জন্য নয়, বরং প্রতিকূলতার ললাটে জয়ের তিলক এঁকে দেওয়ার জন্য। চাকমা জাতি সেই অদম্য প্রাণশক্তিরই এক অবিনশ্বর নাম। যে জাতির ধমনিতে প্রবাহিত হয় দ্রোহ আর বীরত্বের রক্তধারা, তাদের বিনাশ নেই। আজ সময়ের দাবি হলো সেই রক্তঋণ শোধ করা—নিজস্ব ভাষা, বর্ণমালা আর সংস্কৃতির দীপশিখাকে প্রজ্বলিত রাখার মাধ্যমে। চাকমা জাতির ইতিহাস কোনো সাধারণ খতিয়ান নয়, এটি নিরন্তর সংগ্রামের এক মহাকাব্য। মোগলদের দাপট কিংবা ব্রিটিশদের কূটকৌশল—কোনো কিছুই এই পাহাড়ী অরণ্যের সন্তানদের মেরুদণ্ডকে নত করতে পারেনি। পাকিস্তান শাসনামলে কাপ্তাইয়ের কৃত্রিম জলরাশি দিয়ে যখন এক বিশাল জনপদকে ডুবিয়ে মারার নীল নকশা করা হয়েছিল, তখনো তারা ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছিল। পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশেও জনতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে এই জাতির স্বকীয়তা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বারবার। কিন্তু ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির মধ্য দিয়ে এই ভূমি ও মানুষের অধিকার স্বীকৃত হয়েছে। আমাদের এই আত্মপরিচয় রক্ষার লড়াইয়ে সবচাইতে ধ্রুপদী ও সাহসী উচ্চারণ ধ্বনিত...