বিশ্বাসঘাতকতার উত্তরাধিকার: অতীতের সাফল্য নয়, ইতিহাসে শেষ পরিচয়ই মুখ্য - ইনজেব চাঙমা

ইতিহাসের এক নির্মম শিক্ষা হলো, কোনো ব্যক্তির অতীতের অর্জন, সাহসিকতা কিংবা সামরিক সাফল্য কখনোই তার পরবর্তী বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র ও অপরাধকে আড়াল করতে পারে না। একজন মানুষ জীবনের দীর্ঘ সময় সংগ্রাম ও সাফল্যের পরিচয় বহন করলেও তার কোনো গুরুতর বিশ্বাসঘাতকতাই ইতিহাসের বিচারে উপেক্ষিত থাকে না।

এর উদাহরণ, বাংলাদেশের ইতিহাসেও এমন কিছু দৃষ্টান্ত রয়েছে, যেখানে মুক্তিযুদ্ধের গৌরবময় অতীত পরবর্তী রাজনৈতিক হত্যাকাণ্ডের অভিযোগকে আড়াল করতে পারেনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কয়েকজন সামরিক কর্মকর্তা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। একইভাবে ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কয়েকজন সামরিক কর্মকর্তা জড়িত ছিলেন। তাঁদের কারও কারও পরিণতি হয়েছিল বিচার ও ফাঁসির মধ্য দিয়ে। ইতিহাস তাঁদের মুক্তিযুদ্ধের ভূমিকা এবং পরবর্তী অপরাধকে পৃথকভাবে মূল্যায়ন করে।

এই ঐতিহাসিক দৃষ্টান্তগুলোর আলোকে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করা প্রয়োজন।


তৎকালীন শান্তিবাহিনীর অভ্যন্তরীণ সংঘাত, ১৯৮৩ সালের লাম্বা-বাদী বিভক্তি এবং পিসিজেএসএসের প্রতিষ্ঠাতা সভাপতি মানবেন্দ্র নারায়ণ লারমার হত্যাকাণ্ডের প্রসঙ্গে ভবতোষ দেওয়ান (গিরি)-এর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও অভিযোগ রয়েছে। বিশেষত, তাঁকে কথিত ‘চার কুচক্রী’র একজন এবং এম এন লারমা হত্যার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে অভিযুক্ত করা হয়।

এখানে প্রশ্ন উঠতেই পারে, যাঁর বিরুদ্ধে জুম্ম জাতির রাজনৈতিক ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, তাঁকে কোন ঐতিহাসিক বিবেচনায় একজন ‘সফল যোদ্ধা’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে?

বিশেষ করে ইউপিডিএফ (প্রসিত) এবং ‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’ ও জুম্ম এডিশন এর কাছে এই প্রশ্নের একটি সুস্পষ্ট, তথ্যনির্ভর ও ঐতিহাসিক ব্যাখ্যা প্রত্যাশিত। কোনো ব্যক্তির অতীতের সামরিক ভূমিকা কিংবা রাজনৈতিক পরিচয় তাঁকে স্বয়ংক্রিয়ভাবে ইতিহাসের নায়ক করে তোলে না। বরং তাঁর কর্মকাণ্ড, রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক ভূমিকা এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা নিরপেক্ষভাবে পর্যালোচনা করা জরুরি।

মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না; তিনি ছিলেন জুম্ম জাতির আত্মপরিচয়, অধিকার ও রাজনৈতিক চেতনার অন্যতম অগ্রদূত। তাঁর নেতৃত্ব, সংগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন আজও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাই তাঁর হত্যাকাণ্ডের রাজনৈতিক ও ঐতিহাসিক দায় নিয়ে প্রশ্ন তোলা কোনো ব্যক্তিগত বিদ্বেষ নয়; বরং জুম্ম জাতির ইতিহাসের প্রতি দায়বদ্ধতা।

প্রকৃতপক্ষে, ইতিহাস কোনো ব্যক্তি বা সংগঠনের একক সম্পত্তি নয়। ইতিহাসকে নিজের রাজনৈতিক সুবিধামতো ব্যাখ্যা করা যায়, কিন্তু সত্যকে চিরকাল আড়াল করে রাখা যায় না। মুক্তিযোদ্ধা পরিচয়, সামরিক দক্ষতা কিংবা অতীতের রাজনৈতিক অবদান কোনো ব্যক্তির পরবর্তী কর্মকাণ্ডের দায়মুক্তির সনদ হতে পারে না।

অতএব, ভবতোষ দেওয়ান (গিরি)-কে ‘সফল যোদ্ধা’ হিসেবে মূল্যায়নের আগে তাঁর বিরুদ্ধে উত্থাপিত ঐতিহাসিক অভিযোগগুলোর জবাব এবং এম এন লারমা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কথিত সংশ্লিষ্টতার বিষয়টি তথ্য-প্রমাণের ভিত্তিতে পরিষ্কার করা প্রয়োজন।

কারণ ইতিহাসে প্রকৃত মর্যাদা অর্জিত হয় শুধু যুদ্ধজয়ের মাধ্যমে নয়; অর্জিত হয় নৈতিকতা, আদর্শ, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে। যে অর্জনের পাশে বিশ্বাসঘাতকতার অভিযোগ এসে দাঁড়ায়, সেই অর্জনের মূল্যায়নও ইতিহাসের কঠিন প্রশ্নের মুখোমুখি হয়।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জ্ঞান কীর্তি চাকমা : চাঙমা চলচ্চিত্র আন্দোলনের এক নিবেদিত সংস্কৃতিসাধক - ইনজেব চাঙমা

বৃত্তবন্দী মানুষেরা- ইনজেব চাঙমা

হেমা চাকমা: পাহাড়ের মাটি থেকে তারুণ্যের সাহসী উচ্চারণ - ইনজেব চাঙমা