চাঙমা ভাষার ইতিহাস, সাহিত্যচর্চা ও নিজস্ব বর্ণমালার বিকাশ - ইনজেব চাঙমা

চাঙমা ভাষা আমাদের জাতিসত্তার আত্মপরিচয়, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক অস্তিত্বের অন্যতম প্রধান ভিত্তি। এটি ইন্দো-আর্য ভাষাপরিবারের অন্তর্ভুক্ত একটি স্বতন্ত্র ভাষা। নিজস্ব ধ্বনিব্যবস্থা, শব্দভান্ডার, ব্যাকরণ ও বর্ণমালা ‘অঝাপাত’ চাঙমা ভাষাকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে। একটি জাতির ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এর মধ্যেই সংরক্ষিত থাকে তার স্মৃতি, জীবনবোধ, জ্ঞান, সংস্কৃতি ও আত্মপরিচয়।

মৌখিক সাহিত্য থেকে মুদ্রিত সাহিত্যের যাত্রা

চাঙমা সাহিত্যের শিকড় বহু প্রাচীন মৌখিক ঐতিহ্যে প্রোথিত। লোককথা, কিংবদন্তি, গেংখুলি, পালাগান, প্রবাদ-প্রবচন, ছড়া ও লোকসংগীতের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে এ ভাষার সাহিত্যিক ঐতিহ্য প্রবাহিত হয়েছে। পরবর্তী সময়ে এসব মৌখিক ঐতিহ্যের পাশাপাশি লিখিত সাহিত্য ও সাময়িকপত্রের চর্চা শুরু হয়।

চাঙমা ভাষায় মুদ্রিত সাহিত্যচর্চার ইতিহাসে ‘গৈরিকা’ একটি গুরুত্বপূর্ণ নাম। রাঙামাটির চাকমা রাজবাড়ি থেকে রানি বিনীতা রায়ের পৃষ্ঠপোষকতায় ১৯৩৬ সালের এপ্রিল-মে মাসে, অর্থাৎ ১৩৪৩ বঙ্গাব্দের বৈশাখে, পত্রিকাটির প্রকাশনা শুরু হয় বলে জানা যায়। প্রথম সম্পাদক ছিলেন প্রভাত কুমার দেওয়ান; পরবর্তী সময়ে কবি অরুণ রায় সম্পাদনার দায়িত্ব পালন করেন। ১৯৫১ সাল পর্যন্ত পত্রিকাটির অন্তত ১৪টি সংখ্যা প্রকাশিত হয়েছিল বলে উল্লেখ পাওয়া যায়। এ পত্রিকায় চুনি লাল দেওয়ানের ‘চাকমা কবিতা’ এবং মুকুন্দ তালুকদারের ‘পুরান কদা’ উল্লেখযোগ্য রচনা।

পরবর্তী সময়ে বান্দরবান থেকে ১৯৬৬ সালে ‘ঝরনা’ এবং ১৯৬৭ সালে ‘পার্বত্য বাণী’ প্রকাশিত হয়। এসব পত্রিকা চাঙমা ভাষা ও সাহিত্যচর্চার ধারাকে এগিয়ে নিতে ভূমিকা রাখে।

১৯৭০ ও ১৯৮০-এর দশকে সাহিত্যচর্চার বিস্তার

১৯৭০-এর দশক থেকে চাঙমা ভাষায় বই, সাময়িকপত্র, গান, ছড়া, অভিধান ও ভাষাবিষয়ক গ্রন্থ প্রকাশের উদ্যোগ আরও বিস্তৃত হয়। ১৯৭২ সালে ‘বিজু’, ‘জুনি’, ‘সাঙু’, ‘লুরা’, ‘ফুরামোন’ ও ‘ওয়া’সহ বিভিন্ন প্রকাশনা শুরু হয়। ১৯৭৩ সালে ‘চাঙমা গান’, ‘চিজি বই’, ‘বারগি’ এবং ‘চাঙমা-বাংলা কথাতারা’ প্রকাশিত হয়। ১৯৭৪ সালে ‘রাঞ্জুনি’, ‘চাঙমা ভাষায় ইতিবৃত্ত’, ‘চাঙমা ভাষায় ধ্বনিতত্ত্ব’, ‘পালি, প্রাকৃত, মায়াং ও চাকমা’ এবং ‘শিঙ্গা’ প্রকাশিত হয়।

পরবর্তী বছরগুলোতে ‘গোজেন লামা’, ‘বিজুগুলো’, ‘ছদত’, ‘থেঝেরা’, ‘গেংখুলি’, ‘চাঙমা গান’, ‘কথোপকথন’, ‘রঙগীত’, ‘পাদারঙর কোচপানা’, ‘রংধং’, ‘চাঙমা ছড়া’, ‘রাধামন ধনপুদি’, ‘রেঙ’, ‘রিপরিপ’, ‘বিজুফুল’, ‘সত্রং’, ‘ইরুক’, ‘পাত্তলী’, ‘হিয়াংসিক’ ও ‘সাঙেত’-এর মতো প্রকাশনা চাঙমা সাহিত্যভান্ডারকে সমৃদ্ধ করে।

এই সময়ের প্রকাশনাগুলো শুধু সাহিত্য সৃষ্টির নিদর্শন নয়; এগুলো চাঙমা ভাষাকে লিখিত ও মুদ্রিত মাধ্যমে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টারও সাক্ষ্য বহন করে।

সমকালীন চাঙমা সাহিত্য: বই ও প্রকাশনার বৈচিত্র্য

বর্তমান সময়ে চাঙমা ভাষা ও নিজস্ব বর্ণমালায় সাহিত্যচর্চা আরও বহুমাত্রিক হয়েছে। ধর্মীয় গ্রন্থ, উপন্যাস, কবিতা, ছড়া, শিশুতোষ বই, সাময়িকপত্র, অভিধান ও অনুবাদগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যভান্ডার ক্রমশ বিস্তৃত হচ্ছে।

ধর্মীয় গ্রন্থ: চাঙমা বর্ণমালায় প্রকাশিত ধর্মীয় গ্রন্থের মধ্যে ভিক্ষু তি রতন জ্যোতির ‘ধাম্মাপাদা’ উল্লেখযোগ্য।

উপন্যাস ও কথাসাহিত্য: দেবপ্রিয় চাঙমার ‘ফেবো’ (২০০৪), সুরোজ কান্তি চাঙমার ‘মেগুল দেবা আহ্’ঝি’ (২০১৯), আর্য্যমিত্র চাঙমার ‘মনবি’ (২০১৯), শ্যামলকান্তি তালুকদারের ‘তুই এভে ভিলে’, আর্য্যমিত্র চাঙমার ‘তিন ফাগারা’ (২০২৩), ‘অমা কবি’ ও ‘মালাচান’ উল্লেখযোগ্য। এসব রচনা চাঙমা ভাষায় কথাসাহিত্য সৃষ্টির ধারাকে সমৃদ্ধ করছে।

কবিতার বই ও কাব্যসংকলন: আলোময় চাঙমার ‘ফুল বারেঙ’ (২০১৮), সোহেল তালুকদারের ‘ধেবা কুল্যা নাগরি’ (২০১৯), তরুণ কুমার চাঙমার ‘এচ্যা বিঝুত মা গঙ্গিত তরে দ্বিবে বিঝু ফুল’, বিনয় বিকাশ তালুকদারের ‘আহ্’ভিল্যাচ’ (২০১৮), প্রিয়দর্শী চাঙমার ‘আহ্’লি গাদিয়্যা মালি ফুল’, মৃত্তিকা চাঙমার ‘মেঘ সেরে মোন’চুক’ (২০১১), ম্যাকলিন চাঙমার ‘নুঅ গরি ফাগোন এযের’ উল্লেখযোগ্য।

এ ছাড়া ইনজেব চাঙমার ‘জুম চাব’, ‘ধনপুদি’ (২০২২), ‘উত্তিপুত্তি’ (২০২৩), ‘পুগবেল’—চাঙমা কবিতা সংকলন (২০২৪) এবং ‘আবেদি’ চাঙমা কবিতা সংকলন (২০২৫) প্রকাশিত হয়েছে।

ছড়া ও শিশুতোষ সাহিত্য: শ্যামল তালুকদারের ‘জুনিপুক’ (২০১৭), ব্যারিস্টার দেবাশীষ রায় ও দেবপ্রিয় চাঙমার ‘ওলি ওলি’ এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও জাবারাংয়ের ‘মিল কধা নকবাচ’ উল্লেখযোগ্য। শিশুদের মাতৃভাষায় পাঠাভ্যাস গড়ে তুলতে এ ধরনের বইয়ের গুরুত্ব অপরিসীম।

সাময়িকপত্র ও সাহিত্যপত্রিকা

চাঙমা ভাষার সাহিত্যচর্চায় সাময়িকপত্রেরও বিশেষ ভূমিকা রয়েছে। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট থেকে ‘মা ভাচ’ বা ‘মাতৃভাষা’ প্রকাশিত হয়েছে। উদয় শংকর চাঙমার সম্পাদনায় ২০১৭ সালের ১ জুলাই ‘তারুম’ কাব্যগ্রন্থের প্রথম খণ্ড প্রকাশিত হয়। ২০১৫ সালে সুভাষীষ চাঙমার সম্পাদনায় ‘করোদি’ প্রকাশিত হয়।

নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ থেকে ২০২২ সালের ১০ নভেম্বর ‘চাদি’ সাহিত্যপত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। পরবর্তী সময়ে এর একাধিক সংখ্যা প্রকাশিত হয়েছে। ইনজেব চাঙমার সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকা চাঙমা ভাষার নতুন লেখক, কবি ও সাহিত্যকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকাশনামাধ্যম হয়ে উঠেছে।

শিশুদের জন্য মাতৃভাষায় শিক্ষাসামগ্রী

একটি ভাষার ভবিষ্যৎ নির্ভর করে নতুন প্রজন্মের ভাষা শেখা, পড়া ও লেখার সুযোগের ওপর। এ বিবেচনায় চাঙমা ভাষায় শিশুদের জন্য বর্ণপরিচয়, শব্দভান্ডার, ছড়া, অঙ্ক, কথোপকথন ও প্রাথমিক পাঠ্যসামগ্রী তৈরির উদ্যোগ গুরুত্বপূর্ণ।

এ ধরনের প্রকাশনার মধ্যে ‘শব্দ কোই’, ‘তারুম আ রানজুনি’, ‘চিজি অংক তারা’, ‘অঝাপাদর ছড়া’, ‘এয’ অংক শিঘি’, ‘ছড়া বই’, ‘এক সমারে ভালক্কানি’, ‘চাঙমা শব্দ বই’, ‘চিজির তালমিলতি কধা’, ‘হে্মান আ পেইক’, ‘মনর সবন’, ‘আমা ফল পাগোর আ গুলগুলি’, ‘চিজির অহ্’রক বই’ এবং ‘ইক্কুল’ অক্ত’ উল্লেখযোগ্য। এসব বইয়ের সঙ্গে ইনজেব চাঙমা, সোনামণি চাঙমা, তুহিন চাঙমা, শান্তি চাঙমা, শ্রেয়সী চাঙমা, কে.ভি. দেবাশীষ, প্রসন্ন কুমার চাঙমা, প্রিয়সী চাঙমা, মণি চাঙমা, সম্ভুমিত্র চাঙমা, পরেশ চাঙমা, এলিয়েন্স চাঙমা, জ্ঞানদর্শী চাঙমা, এজেন্সী চাঙমা, পূর্ণাঙ্গ চাঙমা, আর্য্যমিত্র চাঙমা, কুশলী চাঙমা, লক্ষীপতি চাঙমা, ভবেশ মিত্র চাঙমা, লুসী চাঙমা ও নীল চন্দ্র চাঙমাসহ বিভিন্ন লেখক ও সংকলকের নাম যুক্ত রয়েছে।

অনুবাদসাহিত্য

একটি ভাষার সাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি অন্য ভাষার সাহিত্য ও জ্ঞানভান্ডারের সঙ্গে পরিচিত হওয়ার জন্য অনুবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৭ সালে ‘চিজিদাঘি লায়’ কয়েকটি বই চাঙমা ভাষায় অনুবাদ করা হয়। এর মধ্যে ‘রাজা আ কংজরি’, ‘মিলে ফুতবলার আনাই আ আনুচিং মারমা’, ‘বাক আ সিংহ’, ‘মেলাত আহ্’রা-আহ্’রি’, ‘শিয়াল্যা আ ত বোবুয়া’, ‘আনাচ মাধাত এ্যাইল মুকুট’, ‘রাঙা বল’, ‘আহ্’ওচ’ ও ‘মাচ তোগেয়্যা’ উল্লেখযোগ্য।

এসব বইয়ের অনুবাদে শুভ্র জ্যোতি চাঙমা, আনন্দ মোহন চাঙমা ও ইনজেব চাঙমা যুক্ত ছিলেন। অনুবাদের মাধ্যমে শিশু-কিশোরদের কাছে নতুন গল্প, চরিত্র ও জ্ঞান পৌঁছে দেওয়ার পাশাপাশি চাঙমা ভাষার শব্দভান্ডার ও প্রকাশক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

অভিধান ও ভাষাবিষয়ক গ্রন্থ

ভাষার মানোন্নয়ন, শব্দ সংরক্ষণ এবং প্রজন্মান্তরে ভাষার ধারাবাহিকতা বজায় রাখতে অভিধান ও ভাষাবিষয়ক গ্রন্থের গুরুত্ব অপরিসীম। চাঙমা ভাষার অভিধানচর্চার ধারায় ১৯৭৩ সালে জুমিয়া ভাষা প্রচার দপ্তর থেকে প্রকাশিত ‘চাঙমা-বাংলা কথাতারা’, সি. আর. চাকমার ‘চাঙমা কথা ভান্ডাল’ (১৯৮৭), পি. বি. কারবারির ‘চাকমা ডিকশনারি’ (১৯৯৩), ‘চাঙজ্জা’ (২০০৬), TSUBP-এর ‘দভাকাধি’ (২০০৭) এবং আর্য্যমিত্র চাঙমার ‘চাকমা শব্দ ভান্ডাল’ (২০১১) উল্লেখযোগ্য।

এসব অভিধান ও ভাষাবিষয়ক প্রকাশনা চাঙমা ভাষার শব্দ, অর্থ ও ব্যবহার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এ কাজকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তিনির্ভর অভিধান, ব্যাকরণ, বানানরীতি ও প্রমিত ভাষাচর্চার উদ্যোগ প্রয়োজন।

বাংলা হরফে প্রকাশনা থেকে নিজস্ব বর্ণমালায় প্রত্যাবর্তন

চাঙমা ভাষার সাহিত্য ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একসময় অনেক লেখক বাংলা হরফে চাঙমা ভাষার সাহিত্য লিখেছেন ও প্রকাশ করেছেন। সে সময় নিজস্ব বর্ণমালায় মুদ্রণের সুযোগ, প্রয়োজনীয় ফন্ট, প্রযুক্তি ও প্রকাশনাসুবিধা সীমিত ছিল। তাই বাংলা হরফ ব্যবহার ছিল অনেক ক্ষেত্রে বাস্তবতার দাবি। তাঁদের সেই প্রচেষ্টাকে খাটো করে দেখার সুযোগ নেই। বরং তাঁদের হাত ধরেই চাঙমা ভাষার লিখিত সাহিত্যচর্চার একটি ভিত্তি তৈরি হয়েছে।

বর্তমানে কম্পিউটার ও মুঠোফোনে নিজস্ব অঝাপাত বর্ণমালা ব্যবহার করে লেখালেখি ও প্রকাশনার সুযোগ তৈরি হয়েছে। ফলে আমাদের দায়িত্ব হলো, আগের সাহিত্যিকদের অবদানকে সম্মান জানিয়ে নিজস্ব বর্ণমালায় নতুন সাহিত্য সৃষ্টি, পুরোনো সাহিত্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে মাতৃলিপিতে দক্ষ করে তোলা।

আমার ভাষা প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ

আমি নিজেকে গবেষক বা প্রতিষ্ঠিত সাহিত্যিকের চেয়ে ভাষা ও বর্ণমালা চর্চার একজন সংগঠক এবং সচেতন পাহাড়ি নাগরিক হিসেবে ভাবতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। ২০০৪ সালে চংড়াছড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে চাঙমা ভাষা ও অঝাপাদ বর্ণমালা শেখানোর মধ্য দিয়ে আমার প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা। পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় ব্যক্তিগত উদ্যোগে শিশু-কিশোরদের মাতৃভাষা শেখানোর চেষ্টা করেছি। নানা সীমাবদ্ধতা ও বিরতির মধ্যেও এ কাজ অব্যাহত রেখেছি।

নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ, বর্তমানে চাঙমা সাহিত্য একাডেমি, প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো চাঙমা ভাষা, সাহিত্য, বর্ণমালা ও সংস্কৃতির চর্চাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া। এ লক্ষ্যে ‘হিলোর পচজন’ (চাাঙমা বর্ণমালা পত্রিকা), ‘চাদি’ (সাহিত্য ম্যাগাজিন), ‘শিঙর’ (স্কুল দেয়ালিকা), পাঠাভ্যাস কর্মসূচি, ভাষা প্রশিক্ষণ, বই প্রকাশ ও সাহিত্যবিষয়ক নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দিঘীনালায় প্রথম চাঙমা বইমেলা আয়োজনও এ ধারার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আমাদের লক্ষ্য শুধু বই প্রকাশ করা নয়; প্রতিটি ঘরে মাতৃভাষার চর্চা পৌঁছে দেওয়া, শিশুদের নিজস্ব বর্ণমালায় পড়তে ও লিখতে শেখানো এবং নতুন লেখক-পাঠক তৈরি করা। পাশাপাশি একটি নিজস্ব প্রকাশনা তহবিল গড়ে তোলার স্বপ্ন রয়েছে। এই তহবিল থেকে যেসব প্রতিভাবান লেখক আর্থিক দৈন্যের কারণে বই প্রকাশ করতে পারেন না, তাঁদের নির্বাচিত পাণ্ডুলিপি বিনামূল্যে প্রকাশের ব্যবস্থা করা হবে। কারণ অর্থের অভাবে যেন কোনো সম্ভাবনাময় লেখকের সাহিত্যকর্ম অপ্রকাশিত থেকে না যায়। মূলত জ্ঞান ও সৃজনশীলতার বিকাশের পথে দারিদ্র্যকে বাধা হতে না দেওয়াই আমাদের উদ্দেশ্য।

ভবিষ্যৎ ভাবনা

চাঙমা ভাষার সাহিত্যিক ঐতিহ্য সমৃদ্ধ হলেও এখনো অনেক কাজ বাকি। পুরোনো বই ও পত্রিকা সংগ্রহ, ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা, অভিধান ও ব্যাকরণ প্রণয়ন, নিজস্ব বর্ণমালায় নিয়মিত প্রকাশনা, শিশুতোষ সাহিত্য সৃষ্টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মাতৃভাষা শিক্ষার পরিবেশ তৈরি করা জরুরি। একই সঙ্গে লেখক, প্রকাশক, পাঠক, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠন ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আমার বিশ্বাস, ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে শুধু মুখে মাতৃভাষায় কথা বললেই চলবে না; নিজস্ব বর্ণমালায় পড়তে হবে, লিখতে হবে, বই প্রকাশ করতে হবে এবং নতুন প্রজন্মের হাতে বই তুলে দিতে হবে। কারণ একটি ভাষার প্রকৃত শক্তি তার সাহিত্য, জ্ঞানচর্চা ও প্রজন্মান্তরের ধারাবাহিকতায়।

আমার কাছে ভাষা সংরক্ষণ মানে শুধু একটি ভাষাকে মুখে বাঁচিয়ে রাখা নয়; নিজস্ব বর্ণমালায় তাকে প্রতিষ্ঠিত করা, সাহিত্যকে সমৃদ্ধ করা এবং জাতিসত্তার আত্মপরিচয়কে আগামী প্রজন্মের কাছে শক্ত ভিত্তিতে পৌঁছে দেওয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জ্ঞান কীর্তি চাকমা : চাঙমা চলচ্চিত্র আন্দোলনের এক নিবেদিত সংস্কৃতিসাধক - ইনজেব চাঙমা

বৃত্তবন্দী মানুষেরা- ইনজেব চাঙমা

হেমা চাকমা: পাহাড়ের মাটি থেকে তারুণ্যের সাহসী উচ্চারণ - ইনজেব চাঙমা