মেগা প্রকল্প নয়, আগে ন্যায্যতা- ইনজেব চাঙমা
গত সোমবার (১১ মে ২০২৬) খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান আবারও সেই পুরোনো প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ালেন—মেগা প্রকল্প, পর্যটন, কর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগের উন্নয়ন। পাহাড়ের মানুষ এই কথাগুলো বহুবার শুনেছে। এতবার শুনেছে যে এখন আর এসব আশ্বাস উন্নয়নের বার্তা নয়—এগুলো সন্দেহের সংকেত। প্রশ্ন একটাই: এই উন্নয়ন কার জন্য? পাহাড়ের মানুষের জন্য, না পাহাড় দখলের জন্য? পাহাড়ে তথাকথিত উন্নয়নের নামে কী হয়েছে, তা পাহাড়ের প্রতিটি মানুষ জানে। রাস্তা হয়েছে—কিন্তু তাতে পাহাড়ির চলার অধিকার নেই। পর্যটন কেন্দ্র হয়েছে—কিন্তু পাহাড়ি উচ্ছেদ হয়েছে। প্রকল্প হয়েছে—কিন্তু সিদ্ধান্তে পাহাড়ির মতামত নেই। উন্নয়ন এখানে মানে হয়েছে ভূমি হারানো, বন হারানো, জীবিকা হারানো। এগুলো উন্নয়ন নয়—এগুলো পরিকল্পিত বঞ্চনা। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি কোনো অনুগ্রহ ছিল না—এটি ছিল রাষ্ট্রের দায়। সেই দায় আজও রাষ্ট্র পালন করেনি। ভূমি কমিশন অকার্যকর, আঞ্চলিক পরিষদ ক্ষমতাহীন, সামরিক উপস্থিতি...