শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

পাভিসবা’র কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন ও মহামান্য সংঘরাজ–উপসংঘরাজ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত


পাভিসবা’র কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন এবং মহামান্য সংঘরাজ ও উপসংঘরাজ অভিষেক অনুষ্ঠান–২০২৬ খ্রি. আজ দ্বিতীয় দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় ৫ম মহামান্য সংঘরাজ ও উপসংঘরাজ ভান্তেদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সাধু ও জয়ধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানমঞ্চে আগমনের মাধ্যমে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা থেকে আগত বহু জ্যেষ্ঠ জ্ঞানী–গুণী ও প্রাজ্ঞ ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। সাবেক কেন্দ্রীয় সম্পাদক ভদন্ত শীলপাল মহাথেরো এবং বর্তমান কেন্দ্রীয় সম্পাদক ভদন্ত লোকমিত্র থের–এর সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো–এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

সভা শুরুর পর সর্বস্তরের জনগণ নব অধিষ্ঠিত মহামান্য সংঘরাজ ও মাননীয় উপসংঘরাজ ভান্তেদের পুষ্পপূজা ও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপস্থিত ভিক্ষুসংঘ ও দায়ক–দায়িকাবৃন্দ পাভিসবা–এর প্রয়াত চারজন মহামান্য সংঘরাজের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করে মঞ্চে আসন গ্রহণ করলে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে দায়ক–দায়িকাদের পঞ্চশীল প্রদান করেন সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো এবং দানোৎসর্গ সম্পাদন করেন ভদন্ত তি রত্তন জ্যোতি থেরো। পরবর্তীতে বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর শাখা, ব্যক্তিবিশেষ, উপজেলা প্রশাসন, কার্বারী–হেডম্যান অ্যাসোসিয়েশন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন বিহার সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধেয় নব অধিষ্ঠিত মহামান্য সংঘরাজ ও মাননীয় উপসংঘরাজ ভান্তেদের পুষ্পস্তবক, ক্রেস্ট ও নানান শ্রদ্ধার্ঘ্য প্রদান করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বিদের বক্তব্য শেষে মাননীয় উপসংঘরাজ ভান্তে এবং মহামান্য সংঘরাজ ভান্তে উপস্থিত সকলের উদ্দেশ্যে আশীর্বাদমূলক ও দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন। সর্বশেষে সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা সমাপ্ত ঘোষণা করেন।

সার্বিকভাবে, ধর্মীয় শৃঙ্খলা, ঐক্য ও ভক্তিভাবের আবহে পাভিসবা’র কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন ও অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

খাগড়াছড়িতে সিএইচটি নারী হেডম্যান–কার্বারী নেটওয়ার্কের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে সিএইচটি নারী হেডম্যান–কার্বারী নেটওয়ার্ক, খাগড়াছড়ি জেলা শাখা র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।...